
বিশ্বকাপ ফাইনাল মানেই উত্তেজনা, ইতিহাস আর ট্রফির লড়াই। তবে এবার আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার মহারণে যোগ হয়েছে ভিন্ন এক গল্পও। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী রবিবার মুখোমুখি হবেন দুই কোচ, আর্জেন্টিনার লিওনেল স্কালোনি ও স্পেনের লুইস দে লা ফুয়েন্তে।
যাদের সম্পর্ক কেবল প্রতিদ্বন্দ্বীর নয়, বরং গুরু ও শিষ্যের।আজ থেকে প্রায় ন’ বছর আগে কোচিং জগতে নিজের পথচলা শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন স্কালোনি। ২০১৭ সালে স্পেনের ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণ কেন্দ্রে পেশাদার কোচিং লাইসেন্স কোর্সে অংশ নেন তিনি। সেই কোর্সে তাঁর অন্যতম শিক্ষক ছিলেন বর্তমান স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। সেই সময়ের ছাত্র ও শিক্ষক এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে একে অপরের প্রতিপক্ষ। আর তাই এবারের ফাইনালকে অনেকেই দেখছেন গুরু বনাম শিষ্য লড়াই হিসেবে। স্কালোনির কোচিং যাত্রা শুরু হয় ২০১৮ সালে, যখন তিনি অন্তর্বর্তীকালীন দায়িত্বে আর্জেন্টিনা দলের হাল ধরেন। এরপর খুব অল্প সময়ের মধ্যেই দলটিকে নিয়ে যান সাফল্যের শিখরে।
২০২১ সালে কোপা আমেরিকার ট্রফি জিতে আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটান তিনি। এরপর ২০২২ সালে বিশ্বকাপ এবং ২০২৪ সালে আরও একটি কোপা আমেরিকা জিতে নিজেকে সময়ের অন্যতম সফল কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেন। অন্যদিকে দে লা ফুয়েন্তেও স্প্যানিশ ফুটবলের পুনর্জাগরণের কারিগর। ২০২২ বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর জাতীয় দলের দায়িত্ব নিয়ে তিনি নতুন প্রাণ ফিরিয়ে দেন স্পেনে। তাঁর নেতৃত্বে স্পেন ইউরোপের ট্রফি জিতেছে, নেশনস লিগের ফাইনাল খেলেছে এবং এবার পৌঁছে গেছে বিশ্বকাপের ফাইনালে।
