
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শনিবার ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড বলেছেন,এই ম্যাচের সব চাপই ইংল্যান্ডের ওপর। হাস্যরসের সঙ্গেই তিনি সংবাদমাধ্যমকে আহ্বান জানিয়েছেন, থমাস টুখেলের দলকে যতটা সম্ভব চাপের মধ্যে রাখতে।
১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলছে নরওয়ে। গ্রুপ আই-এ দ্বিতীয় হয়ে নকআউট পর্বে ওঠার পর আইভরি কোস্ট ও ব্রাজিলকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।অন্যদিকে, ইংল্যান্ড টানা তিনটি পুরুষ বিশ্বকাপেই অন্তত কোয়ার্টার ফাইনালে খেলেছে। তবে ১৯৬৬ সালে একমাত্র ট্রফি জয়ের পর আর কখনো ফাইনালে উঠতে পারেনি।সব চাপ কি ইংল্যান্ডের ওপর,এমন প্রশ্নের জবাবে ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার বলেছেন, হ্যাঁ, অবশ্যই, এই টুর্নামেন্টে কয়েকটি দল পরিষ্কারভাবে ফেভারিট, ইংল্যান্ড তাদের একটি।তিনি আরও বলেছেন, আপনারা সবাই ইংল্যান্ডের খেলোয়াড়দের ওপর যতটা সম্ভব চাপ দিন। তাদের সমর্থকদের পরের পর্বে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী হওয়াই স্বাভাবিক। কারণ, এটা ইংল্যান্ড।উল্লেখ্য,২৫ বছর বয়সী হালান্ড নরওয়ের হয়ে টানা ১৪টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করেছেন।
শনিবার মায়ামিতে জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন তিনি।ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হাল্যান্ডের জন্য বিশেষও বটে। লিডসে জন্ম নেওয়া এই ফরোয়ার্ডের বাবা আলফ-ইঙ্গে হাল্যান্ড সে সময় ইংলিশ ক্লাব ফুটবলে খেলতেন।
