
পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের জন্য ফর্ম জমা নেওয়া শেষ হয়েছে। মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশ হবে। তার আগে কমিশন সূত্রে বলা হচ্ছে, ফর্মে গরমিলের জন্য ১ কোটি ৯০ লক্ষ ভোটারের কাছে নোটিস পাঠানো হতে পারে।
এর মধ্যে রয়েছে আনম্যাপড ৩০ লক্ষও। এতে শুনানির জন্য ডেকে নথি দেখতে চাওয়া হবে। কমিশনের এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজ্যে হুলস্থূল পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে প্রশাসনের। কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই বা সেই ভোটার তালিকায় বাবা, মা, দাদু, দিদা বা পরিবারের কারও নাম নেই, এমন ২৪ লক্ষ ২১ হাজার ১৩৩ জনকে শুনানিতে ডাকা হতে পারে।
যাদের বয়স ৪৫ বছরের বেশি এমন ২০ লক্ষ ৭৪ হাজার ২৫৬ জনকেও নোটিস দিয়ে ডাকা হবে। বাবার নামে অসঙ্গতি রয়েছে এমন ৮৫ লক্ষ ১ হাজার ৮৬ জনকে ডাকা হতে পারে শুনানিতে। আবার বাবার বয়স নিয়ে ধন্দ রয়েছে এমন ভোটারের সংখ্যাও প্রায় ২০ লক্ষ। তাঁরাও নোটিস পেতে পারেন।






