
ইইউ নেতাদের বৈঠকে ৮০ হাজার কোটি ইউরোর পরিকল্পনা পেশ করেছেন উরসুলা ফন ডেয়ার লাইয়েন।ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান উরসুলা বলেছেন,এটা ইউরোপের মুহূর্ত, প্রত্যাশা পূরণ করতে হবে। এদিকে,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইউক্রেনকে সামরিক ও আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছেন। এই পরিস্থিতিতে ইইউয়ের সামনে নিজেদের সুরক্ষা বাড়িয়ে সামরিক ক্ষেত্রে স্বনির্ভর হওয়া ছাড়া আর কোনো পথ নেই।
কয়েক দিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর ডাকা বৈঠকে, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের ডাকা বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন ইউরোপের দেশগুলোর শীর্ষ নেতারা।এবার উরসুলা ৮০ হাজার কোটি ইউরোর রিআর্ম ইউরোপ পরিকল্পনা পেশ করছেন। উরসুলা ইউরোপের নেতাদের চিঠি দিয়ে বলেছেন, পরিস্থিতি আগের থেকে অনেক খারাপ।তাঁদের জীবনকালে এ রকম বিপদ আগে আসেনি। ওদিকে,প্রবল ঝুঁকির মুখে পড়েছে স্বাধীন ও সার্বভৌম ইউক্রেন এবং ইউরোপের নিরাপত্তা ও সমৃদ্ধি। এই অবস্থায়,উরসুলার আশা, তার এই পরিকল্পনা ইউরোপের দেশগুলোর প্রতিরক্ষা বাজেটের চরিত্র বদলাবে।
অতীতে বিভিন্ন দেশের সরকার আর্থিক অসুবিধার কারণ দেখিয়ে বাজেট বরাদ্দ কম রাখত। ইউরোপের দেশগুলোতে জিডিপি-এর সঙ্গে সংগতি রেখে ঋণের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে।প্রতিরক্ষা ক্ষেত্রে সেই সীমা বাড়াবার প্রস্তাব রয়েছে উরসুলার প্রস্তাবে। এর ফলে আগামী চার বছরে সামরিক খাতে বিনিয়োগের পরিমাণ ৬৫০ কোটি টাকা বেড়ে যাবে।







