রাশিয়ার হুমকি মোকাবিলায় ঐক্যবদ্ধ ইউরোপ

0
123
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ইউরোপের প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য আসন্ন ইউরোপীয় ইউনিয়ন,ইইউ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। ব্রাসেলসের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ওয়ারশতে তিনি বলেছেন, তাঁরা এমন একটি সময়ের দিকে এগোচ্ছেন, যা সম্ভবত ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি। তাঁদের প্রধান লক্ষ্য হচ্ছে ইউরোপকে নিরাপদ,সশস্ত্র ও রাশিয়ার হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা।

প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক উল্লেখ করেছেন, পোল্যান্ড দীর্ঘদিন ধরে রাশিয়ার হুমকি সম্পর্কে ইউরোপকে সতর্ক করে আসছিল। তবে তখন তারা একা থাকলেও এখন পুরো ইউরোপ একই সমস্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে যাচ্ছে।একইসঙ্গে,পোলিশ প্রধানমন্ত্রী তার দেশের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদাকে নতুন অভিবাসন ও আশ্রয় আইন অনুমোদনের আহ্বান জানিয়েছেন।নতুন আইনটি পাস হলে, সরকার বিশেষ পরিস্থিতিতে অবৈধ অভিবাসীদের আশ্রয়ের আবেদন সাময়িকভাবে স্থগিত রাখতে পারবে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্ক বলেছেন, বেলারুশ সীমান্তে চাপ ক্রমাগত বাড়ছে।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলারুশের আলেকজান্ডার লুকাশেঙ্কো অভিবাসন সংকটকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা ইইউ সীমান্তে কৃত্রিম সংকট তৈরি করে আসলে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে। তবে এটি শুধুমাত্র হাইব্রিড যুদ্ধ নয়, বরং আরও গভীর ষড়যন্ত্র।