
৪১ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ইউরোপের জার্মানি, বেলজিয়াম ও ফ্রান্স সহ একাধিক দেশে। চলছে তীব্র তাপপ্রবাহ। অতিরিক্ত গরমের কারণে বাড়িতেই মৃত্যু হচ্ছে বহু মানুষের। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যে ভাবে বাড়িতেই মানুষ মারা যাচ্ছেন গরমের কারণে, তা অত্যন্ত উদ্বেগজনক।
আবহবিদদের আশঙ্কা, আগামী বেশ কয়েক দিন স্বাভাবিকের থেকে কয়েক গুণ বেশি থাকবে তাপমাত্রা। আর এর জন্য দায়ী জলবায়ু পরিবর্তন। স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় এসব দেশের কর্তৃপক্ষ কনসার্টসহ বিভিন্ন জনসমাগম ও অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছে। জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর সারব্রুকেনে সর্বোচ্চ ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ফ্রান্স সীমান্তবর্তী এ শহরে চলতি সপ্তাহে টানা তিনবার রেকর্ড তাপমাত্রা দেখা গেছে। ইউরোপের এ দাবদাহ ধীরে ধীরে উত্তর ও পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
