
ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে ইউক্রেনে শান্তি প্রচেষ্টায় বাধা দেওয়ার অভিযোগ এনেছে রাশিয়া। মস্কোর দাবি, ইউরোপীয় দেশগুলোর লক্ষ্য হলো উত্তেজনা বৃদ্ধি করা এবং যুদ্ধ দীর্ঘায়িত করা। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ অভিযোগ তুলেছেন।খবরে বলা হয়েছে, দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে এবং সম্প্রতি উভয় দেশের এই সংঘাত বন্ধে প্রচেষ্টা আরও জোরদার হয়েছে। এর মধ্যেই মস্কোর পক্ষ থেকে এলো এমন অভিযোগ।
এক প্রশ্নের জবাবে জাখারোভা বলেছেন,জার্মানি এবং ফ্রান্স পূর্ব ইউক্রেনের ওপর ২০১৪-২০১৫ সালের মিনস্ক চুক্তি লঙ্ঘনের কথা প্রকাশ্যে স্বীকার করেছে। অন্যদিকে ব্রিটেন ২০২২ সালের মার্চ মাসে ইউক্রেনকে রাশিয়ার সাথে আলোচনা করা থেকে নিরুৎসাহিত করেছে।এরপরই তিনি জোর দিয়ে বলেছেন, এই দেশগুলো ইউক্রেনীয় সংকট সমাধানের জন্য কোনও প্রচেষ্টা করেনি, যা ইউক্রেন সম্পর্কে তাদের অবস্থানকে অপ্রাসঙ্গিক করে তুলেছে।
তিনি বলেছেন, যদি তারা তাদের মৌলিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে-যা বর্তমানে ক্রমবর্ধমান উত্তেজনা এবং রুশোফোবিয়ার ওপর ভিত্তি করে তৈরি,তাহলে রাশিয়া এটি বিবেচনা করবে। কিন্তু আপাতত, তাদের উন্মত্ত অবস্থান বিবেচনা করার কোনও ভিত্তি নেই।জাখারোভা আরও দাবি করেছেন, ইউরোপীয় দেশগুলো সক্রিয়ভাবে সংকটের শান্তিপূর্ণ সমাধানের বিরোধিতা করছে। ইউরোপের কিছু রাজনৈতিক শক্তি ইচ্ছাকৃতভাবে আলোচনা শুরু করার যে কোনও প্রচেষ্টাকে বাধা দিচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
