
জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা করচ্ছেন। জার্মানির একটি কূটনৈতিক সূত্র এমন তথ্য জানিয়েছে। সূত্রটি জানিয়েছে,আলোচনা শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কায়া কালাসের সঙ্গে জার্মানির স্থায়ী মিশনে একটি বৈঠক করেছেন ইউরোপের ওই তিন মন্ত্রী। এরপর তাঁরা একসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।
উল্লেখ্য,ইউরোপের তিন দেশের মন্ত্রীরা এমন এক সময়ে ইরানের সঙ্গে এই বৈঠকের উদ্যোগ নিয়েছেন, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠছে। গত সপ্তাহে ইসরায়েল ইরানের ওপর ব্যাপক সামরিক আগ্রাসন চালিয়েছে। তার জবাবে ইরানও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো স্পষ্ট করে বলেননি, আমেরিকা,ইসরায়েলের সামরিক অভিযানে যুক্ত হবে কি না। এতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা বাড়ছে।জার্মানির সূত্রটি জানিয়েছে, এ বৈঠক আমেরিকার সমন্বয়ে অনুষ্ঠিত হচ্ছে। এর লক্ষ্য হলো ইরানকে বোঝানো, তাদের পারমাণবিক কর্মসূচি যেন শুধুই অসামরিক কাজে ব্যবহৃত হয়,এ নিশ্চয়তা দেওয়া জরুরি।বৈঠকের পর বিশেষজ্ঞ পর্যায়ে আরও বিস্তারিত ও গঠনমূলক আলোচনা হবে বলেও সূত্রটি জানিয়েছে। এর মধ্যে,ইসরায়েল বলছে, তারা তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা পুরোপুরি নষ্ট করতে চায়।অন্যদিকে ইরান বারবার দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে, সামরিক কাজে নয়। ওদিকে,জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ইসরায়েলের হামলার পক্ষে কথা বলেছেন।
অন্যদিকে তেহরানকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তারা যদি উত্তেজনা না কমায়, তাহলে আরও বড় ধ্বংসের ঝুঁকি তৈরি হবে। এই অবস্থায়,জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল এক বিবৃতিতে ইরানের নেতাদের প্রতি আহ্বান জানান, যাতে তাঁরা সমাধানের পথে ফিরে আসেন। তিনি বলেছেন, আলোচনার টেবিলে বসার জন্য কখনোই দেরি করা ঠিক নয়।






