
ইউরোপের কিছু পুরোন কয়লা ও গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রের জন্য নতুন ভষ্যিতের দুয়ার খুলেছে।এসব বিদ্যুৎকেন্দ্রকে ডেটা সেন্টারে পরিণত করার পরিকল্পনা করছে মাইক্রোসফট ও অ্যামাজনের মতো বড় বিভিন্ন মার্কিন প্রযুক্তি কোম্পানি।মূল কারণ হচ্ছে, এসব বিদ্যুৎকেন্দ্রে আগে থেকেই বিদ্যুৎ ও জলের ব্যবস্থা রয়েছে।
আসলে এআইয়ের কারণে বাড়তি বিদ্যুৎ চাহিদা থেকে লাভবান হতে চাইছে ফ্রান্সের ইঞ্জি, জার্মানির আরডব্লিউই ও ইতালির ইনেল-এর মতো বিভিন্ন কোম্পানি।পুরোন বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রকে ডেটা সেন্টারে রূপান্তর করে এসব কেন্দ্রের পরিচালকদের সঙ্গে লাভজনক উপায়ে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ সরবরাহ চুক্তির পরিকল্পনাও করছে তারা। পুরোন বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়ার বড় খরচ পুষিয়ে নিতে ও ভবিষ্যতে পরিবেশবান্ধব জ্বালানি প্রকল্পে বিনিয়োগের সম্ভাব্য সুযোগ তৈরিতে ডেটা সেন্টার গড়ে তোলার বিকল্পটি বিভিন্ন বিদ্যুৎ কোম্পানির জন্য কার্যকর উপায় হিসেবে কাজ করছে।এসব বিদ্যুৎকেন্দ্রকে দ্রুত বিদ্যুৎ গ্রিডের সংযোগ ও জল নির্ভর কুলিং সুবিধা পাওয়ার সহজ উপায় হিসেবে দেখছে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি, কারণ এআই শিল্পের এই দুটি জিনিসই দ্রুত সময়ে পাওয়া এখন বড় বাধা।অ্যামাজনের ইএমইএ অঞ্চলের এনার্জি ডিরেক্টর লিন্ডজি ম্যাককোয়েড বলেছেন, বিভিন্ন পুরানো জায়গাতে যেহেতু অনেক পরিকাঠামো আগে থেকেই রয়েছে, ফলে ডেটা সেন্টারের অনুমোদন দ্রুত হয়ে যাবে বলে আশা করছেন তিনি।
ম্যাককোয়েড বলছেন, বিদ্যুৎ কোম্পানিগুলো জায়গাটা ভাড়া নিতে বা নিজেই ডেটা সেন্টার তৈরি করে চালাতে এবং প্রযুক্তি কোম্পানির সঙ্গে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ সরবরাহ চুক্তিও করতে পারবে।








