
ইরানের বিরুদ্ধে এখনই সামরিক পদক্ষেপ নয়! বরং সম্ভাব্য পরমাণু চুক্তি নিয়ে তেহরানের সঙ্গে ফের আলোচনায় বসতে চায় আমেরিকা। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পাশাপাশি, বিশাল মার্কিন রণতরী যে ইরানের দিকে এগোচ্ছে, সে কথা স্মরণ করিয়ে দিয়ে প্রচ্ছন্ন হুমকির সুরে বলেছেন, আশা করি সেগুলো ব্যবহার করতে হবে না! স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রের প্রিমিয়ারে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই ইরানের সঙ্গে পরমাণু আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে এখনই সামরিক পদক্ষেপ না করা নিয়ে আশাবাদী তিনি। এদিকে, এবার ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, তাঁর অনুরোধেই নাকি এক সপ্তাহের জন্য যুদ্ধ থামাতে রাজি হয়েছে রাশিয়া এবং ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্টের কথায়, এই সময়টায় ইউক্রেনে প্রবল ঠাণ্ডা পড়ে। তাই এক সপ্তাহের জন্য যুদ্ধ থামাতে তিনি অনুরোধ করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।








