কোর্টে রোজ রিপোর্ট কমিশন-র, বাহিনী নিয়ে আলোচনাও 

0
72
সৌজন্যে : নিজস্ব
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তথ্যগত অসঙ্গতি খতিয়ে দেখতে গঠিত বিচারক কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। কিছু জায়গায় প্রযুক্তিগত সমস্যা থাকলেও তা দ্রুত মিটে যাবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর এসআইআর প্রক্রিয়া ঘিরে নির্বাচন কমিশন ও প্রধান বিচারপতির মধ্যে এই আলোচনায় মূলত বিচার বিভাগের তরফে উত্থাপিত নানা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সুজয় পাল, বিচারপতি তপোব্রত চক্রবর্তী, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, রেজিস্টার জেনারেল, রাজ্যের মুখ্য সচিব, বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিক এবং জেলা বিচারকরা। আলোচনার অন্যতম সিদ্ধান্ত, নির্বাচন কমিশন প্রতিদিন এসআইআর সংক্রান্ত অগ্রগতির রিপোর্ট হাইকোর্টে জমা দেবে। কমিশনের চালু করা পোর্টালের প্রদর্শনও করা হয়। এছাড়া বিচার বিভাগীয় আধিকারিকরা কীভাবে নথি পরীক্ষা করবেন, সিদ্ধান্ত নেবেন, আবেদন গ্রহণ বা বাতিল হলে তার কারণ কীভাবে জানাবেন – সেই পদ্ধতিও ব্যাখ্যা করা হয়। প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, নির্ধারিত নির্দেশিকার বাইরে কোনও পদক্ষেপ করা যাবে না। কমিশনের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে, সব নিয়ম মেনে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এদিকে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল-এর নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রাথমিক রূপরেখা তৈরি হয়েছে। কোন জেলায় কত কোম্পানি বাহিনী থাকবে, স্পর্শকাতর বুথে কী ধরনের নজরদারি হবে, ওয়েবকাস্টিং ও মাইক্রো-অবজারভার কতটা বাড়ানো হবে—এসব নিয়ে দফায় দফায় বৈঠক চলছে।
মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন এক দফাতেই করার প্রস্তুতি চলছে। তবে, স্পর্শকাতর বুথ বেশি থাকলে এক দফায় ভোট কি করে সম্ভব!