
বেআইনি উচ্ছেদ অভিযানকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে নদিয়ার কৃষ্ণনগর রেল স্টেশন চত্বর। অভিযোগ, বুলডোজার দেখেই পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু করে দেন স্থানীয় হকাররা। বিক্ষোভ দেখান বামপন্থী কর্মী-সমর্থকদের একাংশও।
তবে শেষ পর্যন্ত উচ্ছেদ অভিযান আটকানো যায়নি। মঙ্গলবার গভীর রাতে স্টেশন চত্বর ও সংলগ্ন এলাকায় অবৈধ ভাবে গড়িয়ে ওঠা সমস্ত দোকান ভেঙে গুঁড়িয়ে দিয়েছে রেল পুলিশ এবং রাজ্য পুলিশ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছিল বিশাল বাহিনী। পুলিশ ও স্থানীয় হকারদের সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের শুরুতেই স্টেশনে বেআইনি ভাবে গড়ে ওঠে সমস্ত দোকান, স্টলে নোটিস পাঠিয়েছিল রেল কর্তৃপক্ষ। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল, ১৬ জুনের মধ্যে সবাইকে সরে যেতে হবে।
কিন্তু অভিযোগ, দোকান সরিয়ে নেওয়ার বদলে বিক্ষোভ নামেন হকার সংগঠন, সিটু, এসইউসিআই এবং বামপন্থী রাজনৈতিক দলগুলি। কিন্তু তাতে লাভ হয়নি। এ দিন রাতে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কৃষ্ণনগর স্টেশনে হাজির হয় রেল ও রাজ্য পুলিশের বিশাল বাহিনী। শুরু হয় অভিযান।
