
উত্তরপ্রদেশের প্রাক্তন আইএএস অফিসারের বাড়িতে ১২ কোটি টাকার হিরে এবং ৭ কোটি টাকার সোনা উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে। লোটাস ৩০০ প্রোজেক্ট মামলায় দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। তারমধ্যে যেমন রয়েছে দিল্লি, নয়ডা, মিরাট এবং চণ্ডীগড়।
সেই সময়েই প্রাক্তন আমলা মোহিন্দর সিং-র বাড়িতে তল্লাশি অভিযানে যায় ইডির একটি দল।ইডি সূত্রে খবর, প্রাক্তন আইএএস মোহিন্দর সিংয়ের ঘরে তল্লাশি চালানোর সময় ১২ কোটি টাকার হিরে উদ্ধার হয়েছে। এছাড়াও ৭ কোটি টাকার সোনা পাওয়া গিয়েছে। মোহিন্দর সিং উত্তরপ্রদেশ ক্যাডারের আইএএস। ১৯৭৭ সালে ইউপিএসসি পরীক্ষায় পাশ করেন। ১৯৭৮-এ আমলা হন। ২০১২ সালে অবসর নেন তিনি।উত্তরপ্রদেশে যখন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী ক্ষমতায় ছিলেন, তখন মোহিন্দর সিংকে নয়ডা ডেভেলপমেন্ট অথরিটির সিইও নিয়োগ করা হয়েছিল। সুপারটেক এবং আম্রপালি বিল্ডার দুর্নীতিতেও নাম জড়িয়েছেন এই প্রাক্তন আমলার। এই মামলায় যে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদের মধ্যে মোহিন্দর সিং ছিলেন অন্যতম।









