
সুপারম্যান খ্যাত হলিউড অভিনেতা ডিন কেইন এবার বাস্তব জীবনে নায়ক হতে যাচ্ছেন। তিনি ঘোষণা করেছেন,মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা-তে যোগ দিচ্ছেন তিনি।বর্তমানে তিনি একজন পুলিশ অফিসার এবং শিগগিরই অনারারি আইস অফিসার হিসেবে শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছে আমেরিকার স্বরাষ্ট্র দপ্তর।
এক সাক্ষাৎকারে কেইন বলেছেন, তিনি জনগণকে আইসে যোগ দিতে উৎসাহিত করার একটি ভিডিও প্রকাশ করেন। তারপর বিষয়টি আলোচনায় এলে আইস-এর কয়েকজন কর্তার সঙ্গে তাঁর যোগাযোগ হয়। এখন তিনি নিজেই এই মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থায় যোগ দিচ্ছেন।উল্লেখ্য,১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত জনপ্রিয় টিভি সিরিজ লুইস এন্ড ক্লার্ক দ্য নিউ অ্যাডভেঞ্চার অব সুপারম্যানে সুপারম্যানের ভূমিকায় অভিনয় করে খ্যাতি পান কেইন। এরপর বহু সিনেমা এবং টিভি শোতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন তিনি।আইস জানিয়েছে, ডিন কেইনের প্রচারের ফলে সংস্থার নতুন ১০ হাজার জনবল নিয়োগ অভিযান আরও গতি পেয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন এক বিবৃতিতে বলেছেন, সুপারম্যান বাস্তব জীবনে নায়ক হওয়ার আহ্বান জানাচ্ছেন। তাঁরা চান আমেরিকার সাহসী নাগরিকরা আইস-এ যোগ দিয়ে দেশ রক্ষা করুক।
এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে পুনরায় ক্ষমতায় এসে অভিবাসনবিরোধী অভিযান আরও জোরদার করেছেন।তার ঘোষণা অনুযায়ী, প্রতিবছর ১০ লাখ অবৈধ অভিবাসীকে আমেরিকা থেকে বহিষ্কারের পরিকল্পনা রয়েছে।
