
নিট-এ পদ্ধতি বদলের পথে হাঁটছে কেন্দ্র। এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, প্রশ্নফাঁসের ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। সে কারণে সিদ্ধান্ত হয়েছে, আগামী বছর থেকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, সিবিটি পদ্ধতি বেছে নেওয়া হবে।
পাশাপাশি তিনি স্বীকার করে নিয়েছেন কোথাও ত্রুটি অবশ্যই ছিল। তিনি বলেছেন,এই সমস্যা সমাধানের দায়িত্ব আমরা নিচ্ছি। প্রশ্নফাঁসের দুর্ভাগ্যজনক ঘটনায় আমরা দুঃখিত ও উদ্বিগ্ন। পাশাপাশি, এডুকেশন মাফিয়া-এর জন্য যোগ্য পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা নিয়ে সরকারের তরফে কোনও রকম আপোস করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেছেন, আমরা কোনও অর্থশালী ব্যক্তিকে অন্য কারও প্রাপ্য আসন কেড়ে নিতে দেব না। এই দুর্ভাগ্যজনক ঘটনায় আমরা দুঃখিত ও উদ্বিগ্ন। পরীক্ষা বাতিলের মতো কড়া সিদ্ধান্ত নিতেই হয়েছে। আমাদের দায়িত্ব হল পরীক্ষায় যেন কোনও ধরনের ভুল না থাকে, তা নিশ্চিত করা।উল্লেখ্য সারা দেশের মধ্যে অন্যতম বৃহৎ প্রবেশিকা পরীক্ষা নিট। সেখানেই বার বার উঠেছে অনিয়মের অভিযোগ। নিট-এর প্রশ্নফাঁসের আশঙ্কা কমাতে এবং নিরাপত্তা আরও শক্তিশালী করতেই এই পরিবর্তন বলে জানান শিক্ষামন্ত্রী।এর আগে, ৩ মে চিকিৎসাবিদ্যায় স্নাতকে ভর্তির পরীক্ষা , নিট দেন ২২ লক্ষের বেশি পরীক্ষার্থী। তার পর থেকেই উঠতে শুরু করে প্রশ্নফাঁসের অভিযোগ। রাজস্থান পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে, পরীক্ষার প্রায় এক মাস আগে থেকে সম্ভাব্য প্রশ্নপত্র ঘুরছিল বাজারে।
অর্থের বিনিময়ে প্রশ্ন বিলি হচ্ছিল। সেই সম্ভাব্য প্রশ্নের সঙ্গে মিলে গিয়েছিল অনেক প্রশ্নই। তার পরই ১২ মে পরীক্ষা বাতিল ঘোষণা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি,এনটিএ। এদিকে, ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানানো হয়েছে আগামী ২১ জুন ফের নিট ইউজি পরীক্ষা নেওয়া হবে। শুক্রবার তাদের এক্স হ্যান্ডলে পরীক্ষার দিন ঘোষণা করেছে এনটিএ। ১৪ জুন পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। ২১ জুনের পরীক্ষায় অতিরিক্ত ১৫ মিনিট সময়ও দেওয়া হবে বলে জানিয়েছে পরীক্ষা নিয়ামক সংস্থা। ওই দিন দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা।








