
পহেলগাঁওয়ে মৃতদর নিয়ে উদ্বেগ দুঃখ প্রকাশ হলেও, লাগাতার পাক গোলায় জম্মু ও কাশ্মীরে যে মৃত্যু হয় তা নিয়ে প্রায় কোনও প্রতিক্রিয়াই দেখা যায় না। এমনই আক্ষেপ করতে দেখা গিয়েছে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে।
ওমর আবদুল্লা বলেছেন, পহেলগাঁও হামলায় ২৬ জন নিরীহ নাগরিকের মৃত্যুতে একটা স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। কিন্তু সীমান্তে পাকিস্তানের গোলায় কাশ্মীরিদের মৃত্যু নিয়ে কিছুই বলা হয় না। রাজৌরিতে বহু মানুষকে হারিয়েছে দেশবাসী। পুঞ্চ, উরি, বারামুলাতেও। কিন্তু এই মৃত্যুগুলি নিয়ে দেশে তেমন কোনও প্রতিক্রিয়া নেই বলেই দাবি আবদুল্লার।
তাঁর কথায়, মনে হতে থাকে যেন, এমন কিছু ঘটেইনি। এরই পাশাপাশি আবদুল্লার দাবি, পহেলগাঁও হামলা ও তারপর ভারতের প্রত্যাঘাত সম্পর্কে যা জানা যাচ্ছে তা কাহিনির অর্ধেক ভাগ।
