
বুধবার দ্বিতীয় দফার ভোট পর্ব শেষ হতেই বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত পশ্চিমবঙ্গে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে।শাসক তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বি জে পি ,যে দলই জিতুক না কেন ,আসন নিরিখে দু দলের মধ্যে খুব যে পার্থক্য থাকবে না ,এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে বুথ ফেরত সমীক্ষায়।
অন্যদিকে সি পি আই এম বা কংগ্রেস এবারের ভোটেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে এমন ইংগিতও নেই বুথ ফেরত সমীক্ষায়। যদিও সাম্প্রতিককালে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষার ফলাফল পরবর্তীকালে মেলে নি বলে দেখা গেছে। সমীক্ষক সংস্থা চাণক্য স্ট্র্যাটেজি পশ্চিমবঙ্গের যে সমীক্ষা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, বিজেপি ১৫০ পেরিয়ে গিয়েছে। ১৫০ থেকে ১৬০টি আসন পেতে পারে তারা। তৃণমূল কংগ্রেস পাচ্ছে ১৩০ থকে ১৪০টি আসন। অন্যান্যদের এই সমীক্ষাতেও ৬ থেকে ১০টি আসন দেওয়া হয়েছে।পিপল্স পাল্স-এর সমীক্ষায় তৃণমূল কংগ্রেস এগিয়ে। তারা পাচ্ছে ১১৭ থেকে ১৮৭টি আসন। বিজেপি পেতে পারে ৯৫ থেকে ১১০টি আসন। অন্যান্যদের মধ্যে কংগ্রেস ১ থেকে ৩টি আসন এবং বামেরা শূন্য থেকে একটি আসনে জয় পেতে পারে বলে এই সমীক্ষায় দাবি করা হয়েছে। এদিকে,ম্যাট্রিজ়ের বুথফেরত সমীক্ষা বলছে, পশ্চিমবঙ্গে ১৪৬ থেকে ১৬১টি আসন পেতে চলেছে বিজেপি। তৃণমূল কংগ্রেস পাচ্ছে ১২৫ থেকে ১৪০টি আসন। অন্যান্যেরা ছয় থেকে ১০টি আসন পেতে পারে বলে ম্যাট্রিজ়ের সমীক্ষায় দেখা গিয়েছে।পি-মার্কের সমীক্ষা পশ্চিমবঙ্গে বিজেপি-কে এগিয়ে রেখেছে। তাদের মতে, এ রাজ্যে ১৫০ থেকে ১৭৫টি আসনে জিততে পারে।
অন্য দিকে, তৃণমূল কংগ্রেস পেতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসন। অন্যান্যদের কোনও আসন দেওয়া হয়নি এই সমীক্ষায়। উল্লেখ্য ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। ২০২১ সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি পেয়েছিল ৭৭টি আসন। এর মধ্যে পাঁচ রাজ্যের ভোটে ঐতিহাসিক জয় পাবে বিজেপি,পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্বের মাঝে এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, ইজ় ইট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অর্থাৎ এটা কি অবাধ শন্তিপূর্ণ নির্বাচন? তাঁর কথায়, জীবনে এমন দেখেন নি। তা সত্ত্বেও বলছেন, তৃণমূলই জিতবে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবে।
