কাশ্মীরে বিজেপির নজরে নির্দল, আত্মবিশ্বাসী ইন্ডিয়া জোট

0
138

মঙ্গলবার ভোটগণনার আগেই বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দিয়েছে জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটের ফল ত্রিশঙ্কু হতে চলেছে। এরপরেই তৎপরতা শুরু হয়েছে বিজেপি শিবিরে।

সূত্রের খবর, কেন্দ্রশাসিত অঞ্চলের ছোট দল ও নির্দল প্রার্থীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বিজেপির ভোট-ম্যানেজারেরা। প্রয়োজনে তাদের সমর্থনে ওই কেন্দ্রশাসিত অঞ্চলে যাতে সরকার গঠন করা যায়। সরকার গড়তে প্রয়োজনে বিধানসভায় উপরাজ্যপাল মনোনীত সদস্যদের সমর্থন নিতেও পিছপা হবে না বিজেপি। জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনে এবারের লড়াই অত্যন্ত কঠিন হবে বলে শুরু থেকেই মনে করছিল রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিশেষ করে পিডিপি আলাদাভাবে লড়াইয়ে নামায় বিজেপি ও কংগ্রেস সমস্যায় পড়বে বলে ধারণা করা হচ্ছিল। যদিও ভোটের ফল নিজেদের দিকে আনতে চেষ্টার কোনও কসুর করেনি বিজেপি। সন্ত্রাসকে নির্মূলের প্রতিশ্রুতির পাশাপাশি ভগ্নপ্রায় মন্দির সংস্কার ও পুনর্গঠন, কাশ্মীরের পণ্ডিতদের পুনর্বাসন এমনকি মহিলাদের বার্ষিক ১৮ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। অন্যদিকে, ৩৭০ ধারা প্রত্যাহার ও উপত্যকার মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে এবারের ভোটে প্রচারে নেমেছিল ইন্ডিয়া জোট। ঘৃণার বদলে ভালবাসার দোকান খোলার বার্তা দিয়েছিল কংগ্রেস। বুথ ফেরত সমীক্ষার গতিপথ যে দিকে মোড় ঘুরেছে তাতে স্পষ্ট বার্তা, ইন্ডিয়া জোটেই আস্থা রাখছে ভূস্বর্গের জনতা। যদিও এক্সিট পোল ভোটের ফলাফলের পূর্বাভাস মাত্র। অনেক সময় এক্সিট পোলের রিপোর্ট বাস্তবের সঙ্গে মেলেও না।