
বিয়ের চার মাসের মাথায় রহস্যজনকভাবে মৃত্যু হয় স্ত্রী’র। সেই মৃত্যুর ঘটনায় অবশেষে গ্রেপ্তার হলেন তেলেঙ্গানার বাসিন্দা ও আমেরিকায় কর্মরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার অবিনাশ নার্নে। অভিযোগ, নববিবাহিত স্ত্রীকে বিদেশে নিয়ে গিয়ে নিজেই খুন করেছেন তিনি।
ঘটনাটি ঘটেছে, আমেরিকায় ওয়াশিংটন অঙ্গরাজ্যের বেলভিউ শহরে ২০২৫ সালের ২৭ অক্টোবর। সেই দিন রাতেই পুলিশে ফোন করে অবিনাশ জানান, তাঁর স্ত্রী বাথরুমের ভিতরে দরজা বন্ধ করে রয়েছেন এবং কোনও সাড়া দিচ্ছেন না। পুলিশ এসে দরজা ভেঙে রাজিথাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। মেঝেতে পড়েছিলেন তিনি। ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। প্রথমে ঘটনাটি সন্দেহজনক মৃত্যু হিসেবে তদন্ত শুরু হলেও ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, গলা টিপে শ্বাসরোধ করেই তাঁকে খুন করা হয়েছে।
এরপরই মামলাটিতে খুনের ধারা যুক্ত হয়। অভিযোগ, ঘটনার পরের দিনই ভারতের থাকা প্রেমিকাকে স্ত্রীর মৃতদেহের ছবিও তুলে পাঠিয়েছিলেন অবিনাশ। প্রসঙ্গত, ২০২৫ সালের জুন মাসে পারিবারিকভাবে অবিনাশ ও রাজিথার বিয়ে হয়। বিয়ের কয়েক মাসের মধ্যেই তাঁরা বেলভিউয়ের একটি অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেন। কিন্তু মাত্র ছয় মাসেরও কম সময়ের মধ্যে রাজিথার মৃত্যু হয়। তদন্তকারীদের অভিযোগ, অবিনাশ তাঁর বিবাহিত জীবনকে অন্য সম্পর্কে বাধা হিসেবে দেখছিলেন এবং সেই কারণেই পরিকল্পিতভাবে স্ত্রীকে খুন করেছেন।








