
মুমূর্ষু রোগীকে মেয়াদ উত্তীর্ণ রক্ত দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর হাসপাতালে। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের বাসিন্দা গৌড় ঘোষ গুরুতর শারীরিক অসুস্থতার কারণে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন।
চিকিৎসার জন্য তার শরীরে ও নেগেটিভ রক্তের প্রয়োজন হয়। পরিবারের লোকেরা বহু চেষ্টা করেও সেই রক্ত সংগ্রহ করতে ব্যর্থ হন। শেষমেষ তারা বিষ্ণুপুর ব্লাড ব্যাংকে পৌঁছান, যেখানে ও নেগেটিভ রক্ত মজুত ছিল। কিন্তু ডোনারের পরিবর্তে সরাসরি সেই রক্ত তাদের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের সদস্যরা রক্ত সংগ্রহ করে দ্রুত পশ্চিম মেদিনীপুরে ফিরে আসেন। কিন্তু রক্ত চড়ানোর আগে চিকিৎসক রক্তের এক্সপায়ারি ডেট দেখে হতবাক হয়ে যান। চিকিৎসক জানান, সাধারণত রক্ত সংরক্ষণের মেয়াদ ৩৫ দিন থেকে ৪২ দিন পর্যন্ত হয়।
তাহলে কীভাবে প্রায় এক বছর দুই মাসের এক্সপায়ারি ডেট দেওয়া হলো ? এই ভুলের কারণে রক্ত রোগীর শরীরে দেওয়া সম্ভব হয়নি।
