
আবার অন্ধ্রপ্রদেশের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। গুরুতর জখম অনেকে। বিস্ফোরণের সময় ওই কারখানায় কাজ করছিলেন অনেকেই।
জানা গিয়েছে, শনিবার দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার ভেটলাপালেম গ্রামে এক আতশবাজি কারখানায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ওই কারখানায় আগুন ধরে যায়। ওই কারখানায় বাজি তৈরির প্রচুর মশলা, রাসায়নিক পদার্থ ওই কারখানায় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটে।
স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে শ্রমিকদের দেহ অনেক দূর পর্যন্ত ছিটকে গিয়েছে। ওই জেলার পুলিশ সুপারের দফতরের তরফে জানানো হয়েছে, ভেটলাপালেম গ্রামে এক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। অন্তত ২০ জন শ্রমিকের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে। তবে ওই কারখানায় অনেকে কাজ করছিলেন। বিস্ফোরণের ফলে অনেকের শরীর পুড়ে গিয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে মনে করা হচ্ছে।







