
বিস্ফোরণে কেঁপে উঠেছে কাতারের অন্যতম বড় গ্যাস উৎপাদন কেন্দ্র। কাতারের শিল্পনগরী রাস লাফানে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ৫৪ জন আহত হওয়ার খবর মিলেছে। আরও ১৮ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
পশ্চিম এশিয়ায় সংঘর্ষের সময়ে গত মার্চে রাস লাফানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। তার প্রভাব পড়েছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক গ্যাসের জোগানে। তবে রবিবারের বিস্ফোরণকে একটি দুর্ঘটনা বলেই জানিয়েছেন কাতারের কর্তৃপক্ষ।
বিস্ফোরণের পর একটি বিবৃতি জারি করে সে দেশের সরকার নিয়ন্ত্রিত জ্বালানি সংস্থা কাতার এনার্জি। তারা জানিয়েছে, রাস লাফানের বারজান এলাকায় একটি গ্যাস সরবরাহ কেন্দ্রে বিস্ফোরণ হয়। তার পরে সেখানে আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় সংস্থা।
