
পিগ আয়রনের কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে ছত্তীশগড়ের রাজধানী রায়পুরে উরলা থানা এলাকার রায়পুরে।
জানা গিয়েছে, দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই দু’জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। পরে চিকিৎসা চলাকালীন আরও এক শ্রমিকের মৃত্যু হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ। প্রাথমিক ভাবে অনুমান, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কারখানার মধ্যে কাজ চলাকালীনই বিস্ফোরণ হয়। প্রবল বিস্ফোরণের ফলে কারখানার মধ্যে আগুন লেগে যায়। আগুন লাগার পরে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল।
বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এরপরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন।








