
তৃণমূল কাউন্সিলরের বন্ধ ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে। বিস্ফোরণের তীব্রতায় আবাসনের উপরের তলার ছাদের একাংশ উড়়ে যায়।
ভেঙে যায় পাশের একটি টালির ঘরের চাল। জখম হন কয়েক জন বাসিন্দাও। জানা গিয়েছে, টিটাগড় বাজারের পাশে জনবহুল এলাকায় রয়েছে তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডলের ওই ফ্ল্যাটটি। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ হঠাৎ ওই ফ্ল্যাটের পাঁচ তলা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আবাসনের প্রোমোটারের দাবি, ফ্ল্যাটটি জবরদখল করে রেখেছিলেন কাউন্সিলর। যদিও এই অভিযোগ মানেননি আরমান। তাঁর দাবি, তাঁকে ফাঁসানো হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, ওই ফ্ল্যাটের ভিতর কোনও দাহ্যবস্তু বা বিস্ফোরক মজুত করা থাকতে পারে। প্রয়োজনে ফরেন্সিক বিশেষজ্ঞদের এনেও নমুনা সংগ্রহ করানোর পরিকল্পনা করা হচ্ছে।








