
বাশার আল-আসাদের পতনের পরেই সিরিয়ায় ২৫০টি হামলা চালিয়েছে ইজরায়েল। সূত্রের খবর, মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামাস্কাসে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
ইজরায়েলি যুদ্ধবিমান দামাস্কাস-সহ বেশ কিছু অঞ্চলে হামলা চালিয়েছে। যদিও দামাস্কাসে হামলার অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি ইজরায়েল। সিরিয়ায় আকাশপথে হামলাকে সীমিত এবং সাময়িক বলে ব্যাখ্যা করেছে ইজরায়েল। নিজেদের নাগরিকদের রক্ষা করতেই এই পদক্ষেপ বলে দাবি তাদের। গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলির অভ্যন্তরীণ সংঘাতে তাদের কোনও যোগ নেই বলে দাবি বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসনের। ব্রিটেনের এক মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় সিরিয়ার ভূখণ্ডে আকাশপথে অন্তত ২৫০টি হামলা চালিয়েছে ইজরায়েল। সিরিয়ার সামরিকভাবে গুরুত্বপূর্ণ বেশির ভাগ অঞ্চলকে ধ্বংস করে দিয়েছে ইজরায়েল। অভিযোগ সিরিয়ার বেশ কিছু বিমানবন্দরেও হামলা হয়েছে।
সোমবারই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গোলান মালভূমিকে ইজরায়েলের অংশ বলে দাবি করেছেন। এই পরিস্থিতিতে ইজরায়েলের হামলাকে গোলান মালভূমিতে পুনরায় দখল পাওয়ার চেষ্টা বলে মনে করছেন অনেকে।
