
জম্মু ও কাশ্মীরের পুঞ্চে হঠাৎই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে শুক্রবার ভোরে। এই শব্দ কিসের এবং এর উৎসস্থল কোথায়, তা এখনও স্পষ্ট নয়।
সংবাদ সংস্থা জানিয়েছে, নিয়ন্ত্রণরেখা বা এলওসি-র কাছে শব্দটি শোনা গিয়েছে। বিস্ফোরণের শব্দ পাওয়ার পরেই জম্মু ও কাশ্মীরের প্রায় সব জায়গাকে ফের ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। ভোরের আলো ফোটার আগে পর্যন্ত ওই সমস্ত এলাকা অন্ধকারে ডুবে ছিল। বাজছিল সাইরেনও। অন্য দিকে, জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলি চালানো অব্যাহত রেখেছে পাকিস্তান। তার মধ্যেই বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তরেখা পেরিয়ে কয়েক জন জঙ্গি ভারতে ঢোকার চেষ্টা করে। সেই চেষ্টা প্রতিহত করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর নেপথ্যে পাক সেনার হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।
ভোরে বিএসএফের তরফে জানানো হয়েছে, সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তে বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা গিয়েছে। বিএসএফের গুলিতে কোনও জঙ্গির মৃত্যু হয়েছে কি না, তা এখনও জানায়নি।






