
অপারেশন সিঁদুরে ভারতীয় সেনা বাহিনীর কৃতিত্বে গর্বিত গোটা দেশ, কিন্তু কংগ্রেস এবং তাদের জোটসঙ্গী রাষ্ট্রীয় জনতা দলের এই সাফল্য পছন্দ হয়নি। বিহারে ভোটের প্রচারে গিয়ে এই ভাষাতেই কংগ্রেস ও আরজেডিকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিহারের আরায় ছিল বিজেপির সভা। সেখানে ফের গান্ধী পরিবারকে আক্রমণ করেছেন মোদী। তিনি বলেছেন, বোমা পড়েছিল পাকিস্তানে, ঘুম ছুটেছিল কংগ্রেস রাজপরিবারের। পাকিস্তান এবং কংগ্রেসের নামদাররা এখনও অপারেশন সিঁদুরের ধাক্কা সামলে উঠতে পারেননি।
বিরোধী জোটের আসনরফা নিয়ে দ্বন্দুকেও কটাক্ষ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, এনডিএ জোট যখন বিকশিত ভারতের সংকল্প নিয়েছে, অন্যদিকে তখন কংগ্রেস এবং আরজেডি হাতাহাতি করছে।
