বিজেপিতে গিয়েই আপের বিরুদ্ধে বিস্ফোরক ভাজ্জি

0
26
ছবি সৌজন্যে :ফেসবুক

কিছুদিন আগে পর্যন্ত আম আদমি পার্টিতেই ছিলেন। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর সেই পুরনো দলের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। তাঁর দাবি, আম আদমি পার্টির শীর্ষ নেতারা মোটা টাকার বিনিময়ে পাঞ্জাবের রাজ্যসভার আসন বিক্রি করেছেন।

আপ ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকেই লাগাতার কটাক্ষ, আক্রমণের মুখে হরভজন। সোশাল মিডিয়ায় তাঁকে রীতিমতো কটাক্ষ ছুঁড়ছেন বিজেপি বিরোধীদের একাংশ। সম্প্রতি সোশাল মিডিয়ায় এমনই এক পোস্টে ভাজ্জির উদ্দেশে প্রশ্ন করা হয়, যে বিজেপি পাঞ্জাবে ৭০০-৮০০ কৃষকের মৃত্যুর কারণ সেই বিজেপিতে কেন তিনি যোগ দিলেন, আর যোগ দেওয়ার সময় রাজ্যসভার আসনটি কেন ছাড়লেন না। ওই নেটিজেনের বক্তব্য, যে রাজ্যসভার সাংসদরা আপ ছেড়ে বিজেপিতে গিয়েছেন তাঁদের ২০-২৫ কোটি টাকা করে ঘুষ দেওয়া হয়েছে।খানিকটা চমকপ্রদভাবে ওই নেটিজেনের পোস্টের জবাব দিয়ে রিটুইট করেছেন হরভজন।

আম আদমি পার্টিকে পালটা আক্রমণ করে প্রাক্তন ক্রিকেটার বলেছেন, আমাকে গদ্দার বলার আগে নিজের নেতাদের জিজ্ঞেস করুন পাঞ্জাবের রাজ্যসভার আসনগুলি বিক্রি করার জন্য কত টাকা করে ঘুষ নিয়েছেন। ভাজ্জির সাফ কথা, যদি আপনার নেতারা না বলতে পারেন, আমি বলে দেব কে কত টাকা ঘুষ নিয়েছে। সব প্রশ্নের জবাব সময়মতো দেওয়া হবে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং-র দাবি,শুধু রাজ্যসভার আসন নয়, পাঞ্জাবের একাধিক মন্ত্রীপদও বিক্রি করেছে আপ।