
হিন্দি সিরিয়াল করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন,এমনই বিস্ফোরক অভিযোগ বাঙালি অভিনেত্রী কৃষ্ণা মুখোপাধ্যায়ের। দিনের পর দিন তাঁকে নিগ্রহ করা হয়েছে।পাঁচ মাসের পারিশ্রমিকও দেওয়া হয়নি,এমনই অভিযোগ নায়িকার।
অভিযুক্তের নাম কুন্দন সিং।কৃষ্ণা অভিনীত শুভ শগুন সিরিয়ালের প্রযোজক ছিলেন তিনি।২০২২ সালের মে মাসে দঙ্গল টিভির শুভ শগুন সিরিয়ালটির সম্প্রচার শুরু হয়।সে বছরের অক্টোবর মাসেই সিরিয়ালটি শেষ হয়ে যায়।সিরিয়ালের সেটে হেনস্তার অভিযোগটি কৃষ্ণা সোশাল মিডিয়ায় জানিয়েছেন। ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখেছেন,তাঁর এর আগে কখনও মনের এই কথা বলার সাহস হয়নি, কিন্তু আর পারছেন না। অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আর গত দেড় বছর মোটেও সহজ ছিল না। মানসিক অবসাদে ভুগছিলেন, একা থাকলে অ্যংজাইটি হতো, জোরে জোরে কাঁদতেন। অভিনেত্রীর দাবি, এ সব শুরু হয়েছিল দঙ্গল টিভির শুভ শগুন সিরিয়ালের শুটিংয়ের সময় থেকে।সেটা তাঁর জীবনে সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল। লোকজনের কথা শুনেই সিরিয়ালের চুক্তিপত্রে সই করেছিলেন বলে জানিয়েছেন কৃষ্ণা। অভিনেত্রীর অভিযোগ, প্রোডাকশন হাউস ও প্রযোজক কুন্দন সিং একাধিকবার তাঁকে হেনস্তা করেছেন।কৃষ্ণার কথায়,অসুস্থ ছিলেন বলে তাঁকে মেকআপ রুমে আটকে দিয়েছিল।শুটিং করতে চাননি কারণ পারশ্রমিক দিচ্ছিল না,তিনি অসুস্থও ছিলেন।যখন ড্রেস চেঞ্জ করছিলেন তাঁর মেকআপ রুমের দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছিল যেন ভেঙেই ফেলবে। তাঁর পাঁচ মাসের পারিশ্রমিক দেয়নি। তারজন্যে বারবার দঙ্গল আর প্রযোজনা সংস্থার অফিসে গিয়েছেন, পাত্তাই দেওয়া হয়নি। উল্টে হুমকিও দেওয়া হয়েছিল। ভয় পেয়েছিলেন, ভেঙে পড়েছিলেন,বলেছেন বাঙালি অভিনেত্রী কৃষ্ণা মুখোপাধ্যায়।জানিয়েছেন, অনেকের কাছে সাহায্য চেয়েছেন,পাননি। অনেকে তাঁকে প্রশ্ন করেন, কেন কোনও শো করছেন না। এই হচ্ছে কারণ। অভিনেত্রী কৃষ্ণা খুব ভয় পান আবার যদি এরকম হয়? এখন বিচার চান অভিনেত্রী কৃষ্ণা মুখোপাধ্যায়।প্রসঙ্গত, ২০২২ সালে শেষবার হসরতে সিরিয়ালে দেখা গিয়েছিল কৃষ্ণাকে।২০২৩ সালে নেভি অফিসার চিরাগ বাটলিওয়ালাকে বিয়ে করেন তিনি।অন্যদিকে কৃষ্ণার এই অভিযোগ মিথ্যে বলেই দাবি করেছেন অভিযুক্ত প্রযোজক কুন্দন সিং।
