
ছত্তীসগঢ় এবং তেলেঙ্গানার সীমানায় আত্মরক্ষার স্বার্থে বিস্ফোরক বিছিয়ে রাখা আছে। ওই দুই রাজ্যের সীমানালাগোয়া গ্রামবাসীদের না যাওয়ার জন্য সতর্ক করেছে মাওবাদীরা। বাহিনীর হাত থেকে নিজেদের বাঁচাতে এই কাজ করতে হয়েছে বলে বার্তা দেওয়া হয়েছে তাঁদের তরফে। আর এই বার্তা পাওয়ার পর থেকেই দুই রাজ্যের সীমানালাগোয়া গ্রামগুলিতে আতঙ্ক ছড়িয়েছে।
এই খবর বাহিনী এবং রাজ্য পুলিশের কাছে পৌঁছতেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। সম্প্রতি ছত্তীসগঢ়ে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের সীমানায় আরও নজরদারি বৃদ্ধি করার কথা বলেছিলেন। মাওবাদীরা যাতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত করতে না পারেন, তার জন্য রাজ্য পুলিশ এবং বাহিনীর মধ্যে সমন্বয় তৈরি করে কাজ করার নির্দেশ দিয়েছেন।
মাওবাদীদের উদ্দেশে তিনি বার্তা দেন যে, অস্ত্র দিয়ে পরিবর্তন আনা যায় না। হিংসা কখনও পরিবর্তন আনতে পারে না। শুধু তা-ই নয়, মাওবাদীদের মূল স্রোতে ফিরে আসার আহ্বানও জানিয়েছিলেন অমিত শাহ। অমিত শাহ-র সতর্কবার্তা এবং আহ্বানের পরেও মাওবাদীদের এই হুঁশিয়ারির পরই অভিযানে নেমেছে বাহিনী।
