
দক্ষিণ দমদম পুরসভার সিআইসি সঞ্জয় দাসের মৃত্যুর দিনেই ওই পুরসভার আরেক তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। ভোেট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে পার্থ ভার্মা নামে সজিত বসু ঘনিষ্ঠ কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে।
দক্ষিণদাঁড়িতে তাঁর বিরুদ্ধে দোকান দখলেরও অভিযোগ রয়েছে। পাশাপাশি ওষুধের গুদাম ভেঙে তৃণমূলের পার্টি অফিস তৈরির অভিযোগ রয়েছে পার্থ ওরফে টিঙ্কুর বিরুদ্ধে। এদিকে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী তথা তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ সম্রাট বড়ুয়া নামে আরেক কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। সম্রাট বড়ুয়া বিধাননগর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তাঁর বিরুদ্ধে তোলাবাজি হুমকি সহ একাধিক অভিযোগ রয়েছে। বাগুইআটি থানার পুলিশ সম্রাট ওরফে রাখালকে গ্রেফতার করেছে। এর আগে তোলাবাজি, মারধর, শ্লীলতাহানির অভিযোগে বরানগরের তৃণমূল নেতা শঙ্কর রাউত সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে বরানগরে একটি ঝামেলায় জড়ান শঙ্কর রাউতের ৩ সহযোগী।
অভিযোগ সেখান থেকে তাদেরকে নিয়ে পুলিশের স্টিকার লাগানো গাড়িতে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছন শঙ্কর। সেখানে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে। এরপরেই শঙ্কর রাউতকে গ্রেফতার করে পুলিশ।
