
বারাসত মেডিক্যালে মর্গ থেকে মৃতের চোখ চুরির অভিযোগের তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতরের টিম। মঙ্গলবার বনগাঁ থেকে ফেরার পথে চোখ চুরির অভিযোগে মৃতের আত্মীয়দের বিক্ষোভে থমকেছিল মুখ্যমন্ত্রীর গাড়ি।
গাড়িতে বসেই মৃতের পরিবারের সঙ্গে কথা বলে তদন্তের আশ্বাস দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমত স্বাস্থ্যভবনের টিম বারাসত মেডিক্যাল কলেজে পৌঁছে যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতের দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হয়েছে। স্বাস্থ্য দফতের সদস্যরা সরেজমিনে খতিয়ে দেখেছেন মর্গের সিসিটিভি ফুটেজ। ৭২ ঘণ্টার ডিউটি রস্টার খতিয়ে দেখেছেন তাঁরা। ফ্রিজারে কোনও সমস্যা রয়েছে কিনা তাও খতিয়ে দেখেছেন তাঁরা। জানা গিয়েছে বারাসতের কাজিপাড়ার বাসিন্দা বছর ৩৪-র প্রীতম ঘোষের দুর্ঘটনায় মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য প্রীতমের দেহ হাসপাতালের মর্গে রাখা ছিল। অভিযোগ মর্গ থেকে যুবকের একটি চোখ খুবলে নেওয়া হয়েছে। এরপরেই মর্গ থেকে চোখ চুরির অভিযোগ তুলে যশোর রোডে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের লোকজন।
বিষয়টি নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। হলদিয়ার সভা থেকে বলেছেন তৃণমূলের এমন অবস্থা যে মৃতের চোখও চুরি করছে।









