
চার ঘণ্টার মধ্যে কেষ্টপুরে মহিলা খুনের কিনারা করেছে বাগুইআটি থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরেই এই খুন।
ঘটনার তদন্তে নেমে রাতেই নাগের বাজারের বাসিন্দা কৌশিক সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। সাংবাদিক বৈঠক করে বিধান নগর পুলিশ কমিশনারেটের ডিসি ঐশ্বরিয়া সাগর জানান, মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, কেষ্টপুরের রবীন্দ্র পল্লিতে স্বামী ও ৩ বছরের ছেলেকে নিয়ে থাকতেন বছর সাতাশের মহিলা। বিউটি পার্লারে কাজ করতেন। মাসকয়েক আগে কৌশিক সাহার সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব গড়ে ওঠে মহিলার। ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।অভিযোগ, তার জেরেই শনিবার মহিলাকে বাড়িতে একা পেয়ে গলায় ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে প্রেমিক। মহিলার মোবাইল ফোনের সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ।শুক্রবার রাতে কেষ্টপুর রবীন্দ্রপল্লীর একটি বাড়িতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত অভিষিক্তা দে সাহা, পেশায় একজন বিউটি পার্লার কর্মী। জানা গিয়েছে, ঘরের ভেতরে খাটের ওপর গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় উপুড় হয়ে পড়ে ছিলেন অভিষিক্তা। অভিষিক্তার স্বামী বুদ্ধদেব সাহা বেসরকারি সংস্থায় কাজ করেন।
পুলিশের দাবি, জেরায় ধৃত খুনের কথা স্বীকার করেছে। তাঁর দাবি, তাঁদের মন্দিরে বিয়েও হয়েছিল। কিন্তু পরে সম্পর্ক অস্বীকার করে মহিলা। সেই রাগেই সে প্রেমিকাকে খুন করেছে।
