
ফেসবুকে লিংক শেয়ার নিয়ে নতুন একটি পরীক্ষামূলক উদ্যোগ শুরু করেছে মেটা।এই পরীক্ষার আওতায় প্রফেশনাল মোড ও ফেসবুক পেজ ইউজারদের জন্য লিংক পোস্ট করার সংখ্যা সীমিত করা হচ্ছে।
নির্ধারিত সংখ্যার বেশি লিংক শেয়ার করতে চাইলে ইউজারদের অর্থের বিনিময়ে মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন নিতে হবে। সম্প্রতি একাধিক ইউজার এই পরিবর্তন লক্ষ্য করেছেন। সোশ্যাল মিডিয়া বিশ্লেষক ম্যাট নাভারা প্রথম বিষয়টি প্রকাশ্যে আনেন।তার ভাষ্য অনুযায়ী, পরীক্ষার আওতায় থাকা ইউজাররা সর্বোচ্চ চারটি লিংক পোস্ট করতে পারছেন।এর বেশি লিংক শেয়ার করতে হলে মাসে অন্তত ১৪ দশমিক ৯৯ ডলার খরচ করে মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন নিতে হচ্ছে।এক বিবৃতিতে মেটা বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে,এটি একটি সীমিত পরিসরের পরীক্ষা, যা আপাতত কেবল প্রফেশনাল মোড ইউজার ও ফেসবুক পেজের ক্ষেত্রে প্রযোজ্য।প্রফেশনাল মোডের মাধ্যমে সাধারণ ইউজাররা নিজেদের ব্যক্তিগত প্রোফাইলকে কনটেন্ট ক্রিয়েটর অ্যাকাউন্টে রূপান্তর করতে পারেন।এতে কনটেন্ট বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ থাকে।
তবে নতুন এই পরীক্ষার ফলে সেই ইউজাররাই এখন বাড়তি চাপে পড়ছেন, কারণ নিয়মিত লিংক শেয়ার করতে হলে তাদের সাবস্ক্রিপশন নিতে হচ্ছে।মেটার এক মুখপাত্র বলেছেন, লিংকসহ বেশি সংখ্যক পোস্ট করার সুবিধা মেটা ভেরিফায়েড গ্রাহকদের জন্য অতিরিক্ত মূল্য যোগ করে কি না, সেটি বোঝার জন্যই এই পরীক্ষা চালানো হচ্ছে।তবে সব ধরনের লিংকের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা প্রযোজ্য নয়। ইউজাররা এখনো মন্তব্যে লিংক দিতে পারবেন।অ্যাফিলিয়েট লিংকের ওপরও কোনো বাধা নেই। পাশাপাশি ফেসবুক,ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ভেতরের কনটেন্টের লিংক শেয়ার করাও অনুমোদিত থাকবে।
