আপত্তিকর ভিডিয়ো সরাতে ফেসবুক, ইউটিউব-কে ৩ ঘণ্টা সময়

0
94
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

কৃত্রিম বুদ্ধিমত্তা,এআই-র মাধ্যমে তৈরি কনটেন্টে অবশ্যই তার উল্লেখ রাখতে হবে,জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

সেই সঙ্গে জানানো হয়েছে, কোনও কনটেন্টকে আদালত বা পুলিশ বা সরকার ডিপফেক বা বেআইনি চিহ্নিত করে সরাতে বললে তা তিন ঘণ্টার মধ্যে প্লাটফর্ম থেকে সরিয়ে দিতে হবে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে। আগে এর জন্য ৩৬ ঘণ্টা সময় পেত মেটা, ইউটিউব, এক্সের মতো সংস্থাগুলি। এখন সেই সময় কমে যাওয়ায় চাপের মুখে পড়তে পারে সংস্থাগুলি। এর আগে সরকার ২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইন সংশোধন করেছে। সেই সংশোধন নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে আইনটি।কৃত্রিম বুদ্ধিমত্তার খারাপ প্রভাবকে নিয়ন্ত্রণ করতে আগেই উদ্যোগী হয়েছিল কেন্দ্রীয় সরকার।সে জন্য নতুন আইন না এনে বর্তমান আইন সংশোধনের পথে হেঁটেছে তারা।মনে করা হচ্ছে, সংশোধিত এই আইনের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি কনটেন্ট, ডিপফেক ভিডিয়ো অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে। সংশোধিত আইনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল সংস্থাগুলিকে নিশ্চিত করতে হবে, কৃত্রিম ভাবে তৈরি কনটেন্ট ,সিন্থেটিকালি জেনারেটেড ইনফরমেশন-এ যাতে তার উল্লেখ স্পষ্ট ভাবে থাকে। যাতে ইউজাররা সেটিকে প্রকৃত কনটেন্ট থেকে আলাদা করতে পারেন।

তবে শিক্ষার জন্য যে কনটেন্ট দেওয়া হয় বা শিল্পকর্মের কোনও কনটেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি হলেও তাকে সিন্থেটিকালি জেনারেটেড ইনফরমেশন বলে ধরা হবে না।কনটেন্টে তার উল্লেখও রাখতে হবে না।