
আমেরিকার বস্টনে ভারতীয় বংশোদ্ভূতদের সভায় মহারাষ্ট্রের বিধানসভা ভোটে অনিয়মের উদহরণ দিয়ে বিজেপির নিশানায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস বিরোধী দলনেতাকে নিশানা করে বলেছেন, রাহুল গান্ধী আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে ভারতের ভাবমূর্তি নষ্ট করেছেন।উল্লেখ্য রবিবার বস্টনের ওই সভায় ভারতের নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী।
তিনি বলেন, মহারাষ্ট্রের বিধানসভা ভোটে সে রাজ্যে মোট প্রাপ্তবয়স্কের সংখ্যার চেয়ে ভোটারের সংখ্যা বেশি ছিল। পাশাপাশি, ভোটের হার নিয়ে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য সম্পর্কেও প্রশ্ন তোলেন তিনি। মাত্র দু’ঘণ্টায় ৬৫ লক্ষ ভোটার বেড়েছিল বলে দাবি করে রায়বরেলীর কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, নির্বাচন কমিশন বিকেল সাড়ে ৫টার সময় এক রকম আবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় আর এক রকম হিসাব দিল। ওই সময়ের মধ্যে ৬৫ লক্ষ ভোটার ভোট দিলেন। এটা অসম্ভব। এই প্রসঙ্গেই তাঁর সংযোজন, এটা স্পষ্ট যে নির্বাচন কমিশন আপস করছে। পদ্ধতিতে কিছু বড় গন্ডগোল রয়েছে।
প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে বিরোধী জোট ইন্ডিয়া’র তরফে মহারাষ্ট্রের বিধানসভা ভোটে ভোটার সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। কমিশনেরই দেওয়া তথ্য-পরিসংখ্যান তুলে ধরে সে সময় রাহুল গান্ধী বলেছিলেন, তাঁরা অনেকগুলি অনিয়ম চিহ্নিত করেছেন। ২০২৪-এ লোকসভা ভোটের আগে ভোটার তালিকা সংশোধন হয়েছিল। তার পাঁচ মাস পরে বিধানসভা ভোটের আগে ফের এক বার ভোটার তালিকা সংশোধন করা হয়।
