
ভুয়ো ডাক্তার হিসেবে হাসপাতালে অপারেশন জেরে মৃত্যু হয়েছে ৭ জন রোগীর। মধ্যপ্রদেশের দামো শহরের ওই হাসপাতালের এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
রিপোর্ট অনুযায়ী, এক ব্রিটিশ ডাক্তারের নাম ভাঁড়িয়ে এবং ভুয়ো নথি জমা দিয়ে দামোর হাসপাতালের চাকরি নিয়েছিলেন ওই অভিযুক্ত। যাঁর আসল নাম নরেন্দ্র বিক্রমাদিত্য যাদব। আইনজীবী এবং ওই এলাকার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির জেলা সভাপতি দীপক তিওয়ারির দাবি, সরকারি ভাবে মৃত্যুর সংখ্যা সাত হলেও আদতে তা অনেক বেশি। দামোর জেলাশাসকের অফিসে অভিযোগ জানিয়েছেন তিনি। দীপক বলেছেন, কোনও কোনও রোগী তাঁদের কাছে এসেছিলেন। তাঁদের বাড়ির লোকেরা জানিয়েছেন অস্ত্রোপচারের দিন ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু বাড়ির লোকেরা কিছু একটা ভেবে আর করায়নি। অন্যত্র নিয়ে যায়। পরে খোঁজ নিয়ে দেখা যায় ওই ডাক্তার আসলে ভুয়ো। ব্রিটেনের এক ডাক্তারের পরিচয় ব্যবহার করে এখানে এসেছে। হাসপাতাল নিয়ে মুখ খুলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য প্রিয়াঙ্ক কানুনগো। তিনি জানিয়েছেন, যে হাসপাতালে ওই ভুয়ো ডাক্তার অস্ত্রোপচার করতেন, সেই হাসপাতাল আয়ুষ্মান ভারত প্রকল্পের নেটওয়ার্কে রয়েছে।
জেলা প্রশাসনের কর্তারা তদন্ত শুরু করেছেন। এই ঘটনা জানাজানি হওয়ার পরেই তদন্তকারী দল হাসপাতালের সব নথি বাজেয়াপ্ত করেছে।








