
বিহারে ইউটিউব ভিডিও দেখে ভুয়ো চিকিৎসকের গলব্লাডার অস্ত্রোপচারে জেরে কিশোরের মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে। নিহত কিশোরের নাম কৃষ্ণ কুমার। বিহারের সারানের বাসিন্দা ওই কিশোর।
কৃষ্ণ কুমারের পরিবার জানিয়েছেন, কয়েকদিন ধরেই বারবার বমি করছিল ওই কিশোর। সঙ্গে পেটে অসহ্য যন্ত্রণা। তড়িঘড়ি তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান তাঁরা। প্রাথমিক পরীক্ষার পর সেখানকার এক চিকিৎসক তাদের জানান, অবিলম্বে গলব্লাডার অস্ত্রোপচার করতে হবে। এরপর পরিবারের সম্মতি ছাড়াই ইউটিউব ভিডিও দেখে অস্ত্রোপচার সেরেও ফেলেন চিকিৎসক ও তাঁর সঙ্গীরা। কিন্তু অস্ত্রোপচারের পরেই অবস্থার অবনতি হতে থাকে কিশোরের। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে তাকে অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় কিশোরের।ঘটনার পর থেকেই ফেরার ওই চিকিৎসক ও তাঁর সঙ্গীরা। চিকিৎসকের নাম অজিত কুমার পুরি। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নিহত কিশোরের পরিবার দাবি করেছে, ওই ব্যক্তি আদৌ কোনও চিকিৎসক নন, তাঁর শংসাপত্রগুলিও ভুয়ো।
