জাল পাসপোর্ট, কলকাতায় গ্রেফতার বিএনপি নেতা

0
194
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভারতে এসে নাম ভাঁড়িয়ে পাসপোর্ট এবং আধার কার্ড তৈরির অভিযোগে কলকাতার পার্কস্ট্রিট থেকে প্রাক্তন বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক সেলিম মাতব্বর।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মার্কুইস্ট্রিটর হোটেল থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সেলিম মাতব্বর বাংলাদেশের মাদারিপুরের বিএনপি নেতা ছিলেন। গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে একটি পাসপোর্ট এবং একটি আধার কার্ড পাওয়া যায়। তাতে তাঁর নাম রবি শর্মা হিসেবে লেখা রয়েছে, খবর পুলিশ সূত্রে। আওয়ামি লীগের সঙ্গে ঝামেলায় ২ বছর আগে এই দেশে চলে আসেন সেলিম মাতব্বর। তারপরই নাম ভাঁড়িয়ে তৈরি করেন পাসপোর্ট এবং আধার কার্ড, খবর পুলিশ সূত্রে। এরপরই নদিয়া জেলায় থাকতেন। মাস খানেক ধরে কলকাতায় থাকছিলেন। বাংলাদেশ থেকে যারা শহরে আসতেন তাদের এখানে হোটেলের ব্যবস্থা করে দিতেন। পুলিশ সূত্রে খবর, ২ বছর ধরে কোথায় কোথায় থেকেছেন, জাল পরিচয় তৈরিতে কে বা কারা সাহায্য করেছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
তবে গোটা ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার, টাকার বিনিময়ে অনায়াসে ভুয়ো পাসপোর্ট বা আধার এখনও বানানো যায়। যা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে পুলিশের অভ্যন্তরেও।