
ইরানের উপর সরাসরি হামলা চালাতে নাকি ভারতের পশ্চিমাঞ্চল ব্যবহার করতে পারে আমেরিকা, শুধু তাই নয়, তার জন্য আমেরিকা নাকি ভারতের কাছে অনুমতিও চেয়েছে।
আরব দুনিয়ায় উত্তেজনার আবহে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমনই একটি বিস্ফোরক দাবিকে সরাসরি ভুয়ো বলে খারিজ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। এই দাবিকে ঘিরে জল্পনা বাড়তেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিদেশ মন্ত্রক। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তাদের অফিসিয়াল ফ্যাক্ট-চেক অ্যাকাউন্ট থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই খবর সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। বিদেশ মন্ত্রকের বার্তা,এই ধরনের মিথ্যা ও ভিত্তিহীন পোস্ট থেকে সতর্ক থাকুন। এই ভাইরাল দাবির সূত্র একটি সাংবাদিকের সোশ্যাল মিডিয়া পোস্ট। সেখানে বলা হয়েছিল, আমেরিকা নাকি ভারতের পশ্চিমাঞ্চল ব্যবহার করে ইরানে সামরিক হামলা চালানোর সম্ভাবনা খতিয়ে দেখছে। পোস্টে আরও দাবি করা হয়, এই পরিকল্পনা নাকি ২০১৬ সালে স্বাক্ষরিত লজিস্টিকস এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট-এর আওতায় করা হতে পারে।
এমনকি কঙ্কন উপকূলের কাছে সমুদ্রসীমায় মার্কিন সামরিক সম্পদ মোতায়েনের জল্পনাও তুলে ধরা হয়। বিদেশ মন্ত্রক এই সমস্ত দাবিকে একেবারেই অস্বীকার করেছে। তাদের বক্তব্য, এই ধরনের কোনও ঘটনা ঘটেনি এবং এই তথ্যের কোনও বাস্তব ভিত্তি নেই। ফলে স্পষ্ট, বর্তমানে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলার কোনও পরিকল্পনা নেই,এমনটাই সরকারি অবস্থান।







