দুবরাজপুরে রথের দিনেই সর্বস্বান্ত পরিবার  

0
104
ছবি সৌজন্যে : নিজস্ব

রথের উৎসবে যখন মেতে উঠেছিল গোটা শহর, ঠিক সেই সুযোগকেই কাজে লাগিয়ে ঘটেছে এক ভয়াবহ ঘটনা। বিয়ের ঠিক ১৫ দিন আগে সর্বস্বান্ত হয়েছে একটি পরিবার। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর পৌরসভার আনন্দকানন এলাকায়।

জানা গিয়েছে, রথের দিন বিকেল ৫টা নাগাদ ব্যবসায়ী তপন মণ্ডলের স্ত্রী জবা মণ্ডল রথ দেখতে বেরিয়েছিলেন। কিছুক্ষণ পরেই তাদের মেয়ে মৌসুমী মণ্ডলও বাড়ির দরজা তালাবন্ধ করে রথ দেখতে যান। আনন্দমুখর পরিবেশে তখন সবাই যখন উৎসবে ব্যস্ত, তখনই সন্ধ্যা ৭টার দিকে জবা মণ্ডল বাড়ি ফিরে দেখেন, বাড়ির দরজা ভাঙা। ঘরের ভেতরে ঢুকতেই তাঁর পায়ের তলার মাটি সরে যায়।প্রাথমিক তদন্তে জানা গেছে, চোরেরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে বড় রড দিয়ে রান্নাঘরের গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। এরপর বাড়ির মূল দরজার চাবি খুঁজে বের করে তালা খোলে এবং খাটের তোশকের নিচে রাখা আলমারির চাবির সাহায্যে একের পর এক আলমারি খুলে তছনছ করে। সব শেষে প্রায় ৬ ভরি সোনার গহনা এবং ১০ লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।উল্লেখ্য, আগামী ২রা আগস্ট তপন মণ্ডলের মেয়ে মৌসুমী মণ্ডলের বিয়ে। মেয়ের বিয়ের জন্য জমানো সোনার গহনা ও নগদ টাকা চুরি যাওয়ায় দিশেহারা মণ্ডল পরিবার। বিয়ের ঠিক ১৫ দিন আগে এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

উপস্থিত ছিলেন দুবরাজপুরের সিআই শুভাশিস হালদার। চোরেরা ঠিক কীভাবে সব চাবি ও গহনার হদিশ পেল, তা নিয়ে প্রশ্ন উঠছে। সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।