
রাজ্যের পরবর্তী ডিজিপি কে হবেন তা এখনও স্পষ্ট নয়, তারমধ্যেই রাজীব কুমারকে জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে আলিপুর বর্ডিগার্ড লাইন্সে। সস্ত্রীক হাজির ছিলেন তিনি।
বৃহস্পতিবার সকালে আলিপুর বডিগার্ড লাইনসে শুরু হয় রাজীব কুমারের ফেরারওয়েল প্যারেড। এরপর হয় বিদায় সংবর্ধনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা এবং রাজ্য পুলিশের একাধিক উচ্চ পদস্থ কর্তা। বিদায়ী ভাষণে রাজীব কুমার বলেছেন সাহস ছাড়া পুলিশ হওয়া যায় না। সবসময় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সোশ্যাল মিডিয়া, টেলিভিশনে কোথায় কী বলল সেটা কিছু নয়, কর্মই শেষ কথা। ৩১ জানুয়ারি ডিজিপি পদে অবসর নেবেন রাজীব কুমার। রাজ্য সরকার ২১ জানুয়ারি ৮ জনের নামের তালিকা পাঠিয়েছে ইউপিএসসিতে। সেই তালিকায় রাজীব কুমারের নামও রয়েছে। নিয়ম অনুযায়ী পুলিশের ডিজি পদে নিয়োগের জন্য সিনিয়র আইপিএস অফিসারদের নামের তালিকা পাঠাতে হয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে।
সেখান থেকে তিনজনের নাম আসে রাজ্যের কাছে। তাঁদের মধ্যে একজনকে পরবর্তী ডিজি হিসেবে বেছে নেয় রাজ্য সরকার।
