আগুনের পরশমণি গেয়ে বিদায় ‘অপরাজিত’ অনীক দত্তকে

0
22
ছবি সৌজন্যে : নিজস্ব

প্রথমে নন্দন, পরে এনটিওয়ান স্টুডিও। প্রথমটা তাঁর প্রিয় জায়গা, দ্বিতীয়টা তাঁর কর্মস্থল। পরিচালক অনীক দত্ত শেষবারের মত গেলেন ঠিকই তবে কাঁচের গাড়িতে।

সকাল থেকেই অগণিত গুণমুগ্ধ মানুষ থেকে সেলিব্রিটি, রাজনৈতিক ব্যক্তিত্ব কে নেই তাঁর শেষযাত্রায়। প্রত্যেকেই একবাক্যে বলছেন অনীক দত্ত-র চলে যাওয়া বাংলার সৃজনশীলতার বৃত্তে বড়সড় অঘটন। দীর্ঘদিনের সহকর্মী গৌতম ঘোষ, সৃজিত মুখোপাধ্যায় থেকে হরনাথ চক্রবর্তী, জিৎ, আবির, জিতু কমল, অভিনেতা বিধায়ক রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারীও সহ সিনে জগতের প্রায় সবাই শেষশ্রদ্ধা জানিয়েছেন। পরিচালকের প্রিয় রবীন্দ্রসঙ্গীত আগুনের পরশমণি গাইলেন উপস্থিত প্রত্যেকে। পুরনো সেই দিনের কথা গাইতে গাইতে কেঁদে ফেলেছেন অনীক দত্ত-র মেয়ে। একসময় দেবব্রত বিশ্বাসের গান আছে দুঃখ, আছে মৃত্যু বেজে উঠতেই ভার হয়ে গিয়েছে পরিবেশ। তখন লাল গোলাপে আগাগোড়া বামমনস্ক অনীক দত্তকে শ্রদ্ধা জানিয়েছেন বিমান বসু। আক্ষেপের সুরে বলেছেন ওঁর অনেক কাজ বাকি থেকে গিয়েছে।

শেষে কেওড়াতলা মহাশ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় পরিচালকের। বাবার কাজ সেরেছেন মেয়ে ঐশী। পাশে ছিলেন প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত। অনীক দত্ত চলে গেলেন ঠিকই, কিন্তু বাঙালির মনে বেঁচে রইল অপরাজিত।