
ধুরন্ধর সিনেমার সাফল্যে যখন ক্যারিয়ারের নতুন উচ্চতায় রণবীর সিং, ঠিক তখনই তাঁর নাম জড়িয়েছে বড় বিতর্কে।
ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত ছবি ডন থ্রি থেকে হঠাৎ সরে দাঁড়ানোয় এবার অভিনেতার বিরুদ্ধে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবির গুঞ্জন ছড়িয়েছে বলিপাড়ায়।রণবীরের প্রস্থান নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা। এক পক্ষের দাবি, অতিরিক্ত পারিশ্রমিক ও শর্তের কারণেই নাকি তাঁকে ছবিটি থেকে বাদ দেওয়া হয়েছে। ন্যদিকে শোনা যাচ্ছে, চিত্রনাট্যে সন্তুষ্ট না হয়েই স্বেচ্ছায় ডন থ্রি ছাড়ার সিদ্ধান্ত নেন অভিনেতা।তবে কারণ যাই হোক, এই সিদ্ধান্তে যে প্রযোজকরা ক্ষুব্ধ, তা বলিউড অন্দরমহলের খবরেই স্পষ্ট।সূত্র বলছে, রণবীরের সম্মতি পাওয়ার পরই এক্সেল এন্টারটেইনমেন্ট ডন থ্রি-এর প্রি-প্রোডাকশনের কাজ শুরু করে। ধুরন্ধর-এর শুটিং শেষ হলেই ছবির কাজ ফ্লোরে যাওয়ার কথা ছিল।কিন্তু ২০২৫ সালের শেষ দিকে আচমকাই শোনা যায়, ডন থ্রি ছেড়ে জয় মেহেতার ,প্রলয়-এর শুটিং শুরু করতে চলেছেন রণবীর। এমনকি নতুন শিডিউলও চূড়ান্ত করে ফেলেন তিনি।এর ফলে সম্পূর্ণ পরিকল্পনা ভেস্তে যায় প্রযোজকদের। নতুন করে প্রি-প্রোডাকশন শুরু করতে হবে, ছবির মুক্তিও পিছাবে,এমন আশঙ্কায় ক্ষতিপূরণ দাবি করেছেন ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি।বলিউড সূত্রের দাবি, রণবীর নাকি একাধিকবার চিত্রনাট্যে পরিবর্তনের প্রস্তাব দেন। পরে চূড়ান্ত খসড়া দেখেও সন্তুষ্ট না হওয়ায় তিনি ছবি থেকে সরে দাঁড়ান।দফায় দফায় বৈঠক হলেও কোনও সমাধানসূত্র মেলেনি। পরিস্থিতি সামাল দিতে প্রোডিউসারস গিল্ড অব ইন্ডিয়ার মধ্যস্থতায় বিষয়টি মেটানোর চেষ্টা চলছে বলেও শোনা যাচ্ছে। তবে দাবি করা ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রাজি নন রণবীর সিং,এমনটাই খবর।উল্লেখ্য, ২০২৩ সালে ডন থ্রি -এর টিজার প্রকাশ্যে আসার পর রণবীর সিংকে ডন চরিত্রে দেখে দর্শকের বড় অংশই অসন্তোষ প্রকাশ করেছিলেন।সেই সময় অভিনেতার পাশে দাঁড়িয়ে পালটা চ্যালেঞ্জ ছুড়েছিলেন ফারহান আখতার।কিন্তু এখন সেই সম্পর্কেও ফাটল ধরেছে বলেই জল্পনা,ইঙ্গিত মিলেছে ফারহানের ইনস্টাগ্রাম থেকেও।
এবার প্রশ্ন একটাই,এই দ্বন্দ্ব কি আদালত পর্যন্ত গড়াবে, নাকি সমঝোতার পথেই মিটবে রণবীর-ফারহান দ্বন্দ্ব? আপাতত সেদিকেই নজর বলিউডের।








