
ঢেঁড়স তুলতে যাওয়ার সময় ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাষির মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বলাগড়ের জিরাটে। পুলিশ সূত্রে খবর, জিরাট পঞ্চায়েতের বাসিন্দা বছর ৫৩-র নিতাই দাস প্রতিদিনের মতন বৃহস্পতিবার ভোরে চাষের কাজে সাইকেল নিয়ে জমিতে যাচ্ছিলেন।
জিরাট কালীতলায় রাস্তার উপরে ছিঁড়ে পড়েছিল ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার। ভোরের অন্ধকারে বিদ্যুতের তার দেখতে পাননি প্রৌঢ়। রাস্তা থেকে জমিতে নামার সময় পড়ে থাকা তার আটকে যায় তার সাইকেলে। এলাকায় সেই সময় মানুষজন না থাকায় ওই ভাবেই রাস্তায় পড় থাকেন ওই কৃষক। বিদ্যুতে ঝলসে যায় তার বা হাতের কব্জি, ডান পায়ের হাটু ও ডান হাত।
পরবর্তী সময় স্থানীয়রা দেখতে পেলে বিদ্যুৎ দফতরে যোগাযোগ করে বন্ধ করা হয় বিদ্যুৎ। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
