
১৩১ দিন পর অনশন ভঙ্গ করলেন কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সহ মোট ১২ দফা দাবিতে ২০২৪ সালের ২৬ নভেম্বর থেকে অনশন শুরু করেছিলেন তিনি। পঞ্জাবের ফতেগড় সাহিব জেলার সিরিন্দে কিষাণ মহাপঞ্চায়েতে অনশন ভাঙেন তিনি। এমএসপি গ্যারান্টি আইন, লখিমপুর খেরি কাণ্ডে মৃত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া, বিদ্যুতের দাম না বাড়ানো ইত্যাদি ইস্যুতে গত বছর পঞ্জাব হরিয়ানার শম্ভু সীমান্তে অবস্থান করছিলেন কৃষকরা।
বেশ কয়েকবার দিল্লিতেও প্রবেশের চেষ্টা করেন তাঁরা। তবে সীমান্ত সিল থাকায় তাঁদের সেই চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে। পুলিশের গুলিতে একাধিক কৃষকের মৃত্যুর অভিযোগও ওঠে। এরপর নভেম্বরে অনশনের সিদ্ধান্ত নিয়েছিলেন দাল্লেওয়াল। তবে কৃষকদের কথা মাথায় রেখেই অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন দাল্লেওয়াল।
