
প্রতিবাদী কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র হরিয়ানার শম্ভু সীমানা।কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে পুলিশ।
রবিবার পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়, কৃষক সংগঠনের দিল্লি চলো মিছিলকে আর এগোতে দেওয়া যাবে না। এরপরেই কৃষকেরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়েছে। এদিন সংযুক্ত কিসান মোর্চা এবং কিসান মজদুর মোর্চা-র ডাকে সাড়া দিয়ে হরিয়ানার অম্বালায় জমায়েত হয়েছিলেন কৃষকেরা। সেখান থেকেই দিল্লির উদ্দেশে হেঁটে মিছিল করে রওনা দেন তাঁরা। কিন্তু শম্ভু সীমানায় পৌঁছতেই তাদের আটকে দেওয়া হয়।পুলিশ জানিয়েছে, কৃষকদের আর এগোনোর অনুমতি নেই। অশান্তির আশঙ্কায় হরিয়ানার অম্বালায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। ফলে একসঙ্গে পাঁচ জনের বেশি জমায়েত করতে পারবেন না। কৃষকদের এই অভিযান আটকাতে তৎপর পুলিশও। ইতিমধ্যেই ৪৪ নম্বর জাতীয় সড়ক বহুস্তরীয় নিরাপত্তাবলয়ে মুড়ে ফেলা হয়েছে। ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে জাতীয় সড়ক।
৯ ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে প্রশাসন সূত্রে খবর। শুক্রবারও কৃষকদের এই কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় শম্ভু সীমানায়।









