
কৃষকদের মিছিল নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠেছে হরিয়ানা-পাঞ্জাব সীমানা। দিল্লি যাওয়ার জন্য কৃষকদের মিছিল শুরু হতেই পুলিশি বাধায় তুঙ্গে উঠেছে উত্তেজনা।
পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে চরম অশান্তি ছড়িয়েছে শম্ভু সীমানা এলাকায়। মিছিল রুখতে জল কামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ। ইতিমধ্যে অম্বালায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কৃষক সংগঠনের মিছিলকে আর এগোতে দেওয়া যাবে না। এরপরেই কৃষকেরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়েছে। বেশ কয়েক জন কৃষককে আটক করেছে পুলিশ। ন্যূনতম সহায়ক মূল্য, কৃষি ঋণ মকুব, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না-বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবি নিয়ে দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছিলেন কৃষকরা। শনিবার ১০১ জন কৃষক দিল্লির উদ্দেশ্যে রওনা দিতেই বাধা দিয়েছে পুলিশ। মিছিলের আগেই কড়া পদক্ষেপ নিয়েছিল হরিয়ানা সরকার। ১৭ ডিসেম্বর পর্যন্ত অম্বালার ১২টি গ্রামে মোবাইল ইন্টারনেট এবং বাল্ক এসএমএস পরিষেবা বন্ধ করেছে হরিয়ানা সরকার।
শুক্রবার একটি মামলার শুনানিতে কৃষকদের গান্ধীবাদী পথে আন্দোলনের পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্ট। হাইওয়ে ছেড়ে সরে দাঁড়াতেও বলেছিল। তার সঙ্গেই সরকারকেও কড়া নির্দেশ দেওয়া হয়েছিল যাতে কৃষক আন্দোলনের উপরে শক্তি প্রয়োগ না করা হয়।







