
পুলিশি বাধায় দিল্লি চলো অভিযান স্থগিত হওয়ার পর এ বার রেল অবরোধের সিদ্ধান্ত পাঞ্জাবের কৃষকদের। কৃষক নেতা সরওয়ান সিং পন্ধ বলেছেন, বুধবার দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত পাঞ্জাবের সমস্ত কৃষককে স্বতৎস্ফূর্ত ভাবে অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
পুলিশের সঙ্গে সংঘর্ষে পূর্বের প্রচেষ্টাগুলি ব্যর্থ হওয়ার পর গত শনিবার তৃতীয় বারের জন্য শম্ভু সীমান্ত থেকে দিল্লির উদ্দেশে মিছিল শুরু করেছিলেন কৃষকেরা। পরিস্থিতি সামাল দিতে তৈরি ছিল প্রশাসনও। আম্বালার বিস্তীর্ণ অংশে ভোর থেকেই বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট পরিষেবা। এলাকায় ১৬৩ ধারা জারি হয়। বেলা বাড়তে শম্ভু সীমানার অদূরে কৃষকদের মিছিল আটকে দেয় পুলিশ। কৃষকেরা ব্যারিকেড টপকে এগোতে গেলে তাঁদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে পুলিশের।
ছোড়া হয় জলকামান, কাঁদানে গ্যাস। সংঘর্ষে আহত হন ১৭ জন কৃষক। তাই পর পর তিন বার দিল্লি চলো অভিযান ব্যর্থ হওয়ার পর এ বার অন্য পথে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকেরা।








