
প্রথমে ভেবেছিলেন বিয়েবাড়িতে বাজি ফাটানো হচ্ছে, কিন্তু পরে বুঝতে পারেন তাঁকে লক্ষ্য করেই গুলি ছোড়া হয়েছিল, ঘটনার পর প্রথম প্রতিক্রিয়ায় জানিয়েছেন জম্মু–কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা।
তিনি আরও জানিয়েছেন, হামলার উদ্দেশ্য কী ছিল বা এটি নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা কি না, এই বিষয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না।ঘটনার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফারুক আবদুল্লা বলেছেন, তিনি যখন অনুষ্ঠানস্থল থেকে বেরোচ্ছিলেন, তখন একটা বাজি ফাটার মতো শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গেই তাঁকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। পরে জানতে পারেন, একজন পিস্তল তাক করে তাঁর দিকে দু’টি গুলি চালিয়েছে। ওই ব্যক্তিকে ফারুক আবদুল্লা চেনেন না, তার সম্পর্কে তাঁর কোনও তথ্যও নেই।এর আগে,জম্মুর এক বিয়ের অনুষ্ঠানে খুব কাছ থেকে ফারুক আবদুল্লাকে তাক করে গুলি চালানোর চেষ্টা হয়, অল্পের জন্য রক্ষা পান ৮৮ বছর বয়সি এই প্রবীণ নেতা।পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম কমল সিং জামওয়াল। ৬৩ বছর বয়সি এই ব্যক্তি জম্মুরই বাসিন্দা।অভিযোগ, তিনি খুব কাছ থেকে বন্দুক তাক করে ফারুক আবদুল্লার দিকে দু’বার গুলি চালানোর চেষ্টা করেন। তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বড় বিপদ এড়ানো যায়।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দাবি করেছেন, তিনি নাকি গত প্রায় ২০ বছর ধরে ফারুক আবদুল্লাকে হত্যার পরিকল্পনা করছিলেন।ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বলে জানিয়েছেন ফারুক আবদুল্লা। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে ফোন করেছিলেন। তিনি তাঁর খোঁজ নিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে বিষয়টি তদন্ত করা হবে। অবশ্যই একটি নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।





